আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ-এর পক্ষে ভোট প্রার্থনায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা।
শনিবার সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম, পাড়া-মহল্লা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

গণসংযোগকালে নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এসব সমস্যার সমাধানে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব হিসেবে মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ-কে সংসদে পাঠাতে তারা ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে নেতা-কর্মীরা বিএনপির রাষ্ট্র পরিচালনার দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরেন। ভোটারদের কাছ থেকে গণসংযোগে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে দাবি করেন তারা।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনটি শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন হিসেবে বিবেচিত। এই আসনে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে সরব তৎপরতা।
খালেদ / পোস্টকার্ড ;



















