১৪০ প্রজাতির ফুল নিয়ে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ৯ জানুয়ারি থেকে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ ডিসি পার্কে এই ফুল উৎসব শুরু হবে। উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
জেলা প্রশাসন জানিয়েছে, ১৪০ প্রজাতির ফুল দিয়ে সাজানো এবারের ফুল উৎসব আগামী ৯ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নান্দনিক ডিসি পার্ককে ফুলের রাজ্য যেমন বলা হয়, তেমন বলা হয় জলাশয়ের রাজ্যও। জলাশয় আর ফুল মিলে জায়গাটি পরিণত হয়েছে পূর্ণাঙ্গ একটি ইকোসিস্টেমে। ফুলের আকর্ষণে প্রজাপতি আর মৌমাছি আসে। জলাশয় থাকার কারণে সেখানে ফড়িং, পানকৌড়ি বা রঙিন মাছের আনাগোনা বাড়ে। ফুলের পরাগায়ন আর জলাশয়ের জলজ জীবন মিলে প্রকৃতি প্রাণবন্ত রূপ পায়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডিসি পার্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব। গত বছর ১৩০ প্রজাতির ফুল দিয়ে উৎসব সাজানো হয়। এবার তা বেড়ে হয়েছে ১৪০। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুলের সমারোহ ও বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান নিয়ে থাকছে মাসব্যাপী আয়োজন। এ উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব, বই উৎসব, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো ও কাউয়ালি সন্ধ্যা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ।
জেলা প্রশাসক বলেন, টিউলিপ, গোলাপ, নানা রঙের গাঁদা, ডালিয়া, রেড সেলভিয়া, সেমি ড্রপ, চন্দ্রমল্লিকা, সন্ধামালতী, রজনীগন্ধা, নয়নতারা থাই জবা ও দোলনচাঁপাসহ লক্ষাধিক ফুল দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্ক। লাল-হলুদের পাশাপাশি সাদা ও গোলাপি ফুলের সমারোহও থাকবে। তিনি বলেন, উৎসবে গণভোট সংক্রান্ত একটি স্টল থাকবে। এছাড়া আমাদের দেশে বসবাসকারী ১৬টি দেশের ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব কালচার নিয়ে উৎসবে অংশগ্রহণ করবেন।
জেলা প্রশাসক জানান, ডিসি পার্কে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, হাঁটাচলার উন্মুক্ত স্থান, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানশেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে। আশা করছি, দর্শনার্থীরা দারুণভাবে ফুল উৎসব উদযাপন করতে পারবেন।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফুল উৎসব পালিত হবে। ১৯৬ একর জায়গাজুড়ে নানা নান্দনিকতায় ডিসি পার্ক সাজিয়ে তোলা হয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ দেশি-বিদেশি ১৪০ প্রজাতির ফুল থাকবে প্রদর্শনীতে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসবের আয়োজন এটি। মাসব্যাপী আয়োজিত এ ফুল উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে এক দিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানা রকমের আয়োজন। বোড ও জিপ লাইনার চড়ার ব্যবস্থা তাকছে উৎসবে। বিশ্বের ১৬টি দেশের শিল্পীরা উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।
৫০ টাকার টিকিট কেটে ফুল উৎসবে প্রবেশ করা যাবে। টিকিট কাটা যাবে অনলাইনেও । https://dcparkchattogram.com/web/ এ প্রবেশ করে টিকেট ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুল উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
খালেদ / পোস্টকার্ড ;



















