বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, আবার অনেকের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বৃষ্টিতে নষ্ট বা হারিয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা।
গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পুনরায় সরবরাহ করা।
এ ছাড়া সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো অঞ্চলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বন্যাকবলিত এলাকার পরীক্ষাগুলো পুনর্নির্ধারণের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তারা।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;



















