চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক দ্রুতগতির গাড়ির চাপায় মো. তাহের আহমেদ নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) ভোর বেলায় উপজেলার দক্ষিণ সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তাহের আহমেদ ওই এলাকার বাসিন্দা মৃত জাগির আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বৃদ্ধ তাহের আহমেদ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গামারীতলা এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম বা ঢাকামুখী একটি অজ্ঞাত দ্রুতগতির গাড়ি তাকে সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে মহাসড়কে ভোরবেলায় কুয়াশা বা জনমানব কম থাকায় ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনাটির বিষয়ে জানতে চাওয়া হলে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, “সোনাইছড়ি গামারীতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কোনো বৃদ্ধ নিহতের খবর প্রাথমিকভাবে আমাদের কেউ জানায়নি বা অবগত করেনি। তবে বিষয়টি জানার পর আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
খালেদ / পোস্টকার্ড ;


















