ইমাম হোসেন ইমন | সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকাদের একক ও দ্বৈত—উভয় বিভাগেই জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলা দল। এই সাফল্যে উচ্ছ্বাস বিরাজ করছে উপজেলার ক্রীড়াঙ্গনে।
চট্টগ্রামের চট্টগ্রাম রাইফেলস ক্লাব-এ অনুষ্ঠিত জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা নিজেদের করে নেয় সীতাকুণ্ডের কিশোরী খেলোয়াড়রা।
ব্যাডমিন্টনের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাশি নাথ সাথী। তিনি বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সুরাইয়া জান্নাত নাবিহা, শিক্ষার্থী চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স স্কুল এবং তামান্না সুলতানা, শিক্ষার্থী মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়।
সীতাকুণ্ড উপজেলার এই ঐতিহাসিক সাফল্যে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম। পাশাপাশি জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্টজনেরা তরুণ এই ক্রীড়াবিদদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
দলের ম্যানেজার ইফতেখার আহম্মদ জুয়েল বলেন,
“ছাত্রীদের নিয়মিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় খেলার সরঞ্জামের ব্যবস্থা করা গেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।”
প্রতিযোগিতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইমরান হুদা।
সীতাকুণ্ডের মেয়েদের এই সাফল্যে স্থানীয় ক্রীড়ামোদী মানুষদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকেই মনে করছেন, যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণ পেলে এই খেলোয়াড়রাই একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।
খালেদ / পোস্টকার্ড ;



















