চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় আবাসিক ভবনের নিচে বিপজ্জনকভাবে হাজার হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিরা এলাকার ‘মোঃ ইউনুছ ট্রেডার্স’ নামক একটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতার দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম। তল্লাশির সময় দোকানের পেছনের একটি গুদামে কয়েক হাজার সিলিন্ডার মজুত অবস্থায় পাওয়া যায়। অথচ ওই ব্যবসায়ীর লাইসেন্সের শর্ত অনুযায়ী মাত্র ৪০টি সিলিন্ডার রাখার অনুমোদন ছিল।জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী সিরাজ সওদাগর অতিরিক্ত মজুতের কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে এবং জনবসতিপূর্ণ এলাকার একটি ভবনের নিচতলায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই দাহ্য পদার্থ মজুত করা হয়েছিল। এটি অগ্নিনিরাপত্তা ও লাইসেন্সের শর্তের চরম লঙ্ঘন।
তিনি এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত সিরাজ সওদাগরকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে গুদাম থেকে অতিরিক্ত সকল সিলিন্ডার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা ও বড় অংকের জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছে প্রশাসন।
খালেদ / পোস্টকার্ড ;



















