সীতাকুণ্ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে শুক্রবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের প্রধান সড়কগুলোতে হাজারো শ্রমিকের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদের সামনে থেকে একটি বিশাল র্যালি শুরু হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার ঘুরে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। র্যালির আগে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও শ্রমিক অংশ নেন।
র্যালি পরবর্তী সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আলাউদ্দীন সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দীন সিকদার বলেন, “শ্রমিক সমাজ একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের নিরলস পরিশ্রম ও ত্যাগের বিনিময়েই উৎপাদন ব্যবস্থা সচল থাকে। তবে অত্যন্ত দুঃখজনক যে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও অনেক শ্রমিক এখনও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”
তিনি আরও উল্লেখ করেন যে, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জসিম উদ্দিন আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মো. তাহের, উপজেলা সহ-সভাপতি আবেদ শাহ, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেছার আহমেদ এবং উপজেলা হোটেল সেক্টরের সভাপতি সমির উদ্দিন, সীতাকুণ্ড পৌর সভাপতি মাহমুদুল করিম ও পৌর সেক্রেটারি মাহমুদুল করিম ফারহান।
সমাবেশে উপজেলার বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
খালেদ / পোস্টকার্ড ;



















