চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও তদন্তে কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনার ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও অপরাধীদের কাউকে শনাক্ত বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে না পারায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।
গত ২৬শে মার্চ দিবাগত রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা এলাকায় প্রবাসী মো. গিয়াস উদ্দিনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন সপরিবারে শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি ফাঁকা ছিল। এই সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র ঘরের তালা ভেঙে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লক্ষ টাকাসহ প্রায় ২৩ লক্ষ টাকার সম্পদ লুটে নেয়।
ঘটনার পরপরই সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিন আক্ষেপ করে বলেন, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বাড়ি এসে দেখি সব শেষ। পুলিশকে লিখিতভাবে জানানোর আজ ১৫ দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তারা কাউকে শনাক্তই করতে পারল না। এভাবে সময় পার হতে থাকলে আমরা ন্যায়বিচার পাব কি না তা নিয়ে শঙ্কিত।
পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন বলা হলেও লুণ্ঠিত বিশাল অংকের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যেও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় এ ধরনের অপরাধ বাড়ছে কিন্তু পুলিশের তৎপরতা সেভাবে দৃশ্যমান নয়।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে তাছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের গতিবিধি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।
এই এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গিয়াস উদ্দিন ও তার পরিবার।
খালেদ / পোস্টকার্ড ;



















