চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল (উপরের মাটি) কাটা ও পরিবহনের দায়ে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় অভিযানে সহযোগিতা করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন— গাড়িচালক মো. কাউছার হোসেন সাকিব (পিতা: আব্দুল হামিদ, সাং- দক্ষিণ ইদিলপুর, সীতাকুণ্ড) এবং মো. আব্দুল মোত্তালেব রনি (পিতা: মৃত রৌশন আলী, সাং- পশ্চিম সৈয়দপুর, সীতাকুণ্ড)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড;




















