চট্টগ্রামের সীতাকুণ্ডে আট লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, শারীরিক নির্যাতন এবং বাগানের ১৯টি গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ তুলেছেন ভাটিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মো. নুরুল আবছার। এ ঘটনায় সুমন, মনির ও সোহেলসহ অভিযুক্তদের বিচার এবং নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মো. নুরুল আবছার। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নুরুল আবছার জানান, দীর্ঘদিন ধরে সুমনসহ একটি চক্র তাঁর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ক্ষতিসাধনের পাঁয়তারা চালায়। গত ২০ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে ভাটিয়ারীতে নিজের বাগানবাড়িতে পরিচ্ছন্নতার কাজ পরিদর্শনে গেলে অভিযুক্ত সুমন ধারালো কিরিচ হাতে তাঁর ওপর চড়াও হন এবং গালিগালাজসহ প্রাণনাশের চেষ্টা চালান। এ সময় স্থানীয়দের হস্তক্ষেপে সেদিনের মতো পরিস্থিতি শান্ত হলেও জীবন ও সম্পত্তির নিরাপত্তার স্বার্থে তিনি ওই রাতেই সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরের দিন ২১ অক্টোবর সকালে নিজের বাগানে গিয়ে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা গোড়া থেকে একটি জামগাছ ও ১৮টি আমগাছ কেটে ফেলেছে। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গাছ কাটার এই দৃশ্য দেখতে গেলে সুমনের বোন সেহেরী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে সুমন দেশীয় অস্ত্র নিয়ে এসে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কোমরে বেধড়ক লাথি মারেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক একটি অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে নুরুল আবছার বলেন, গত ৩১ অক্টোবর ‘JC TV’ নামের একটি অনলাইন পোর্টালে তাঁকে জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। তাঁর কোনো ধরনের অনুমতি বা বক্তব্য না নিয়েই মনগড়া তথ্য এবং সম্পাদিত কণ্ঠস্বর ব্যবহার করে এই অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
একজন বৈধ ব্যবসায়ী হিসেবে তিনি কারোর সঙ্গে কোনো বিরোধে জড়াতে চান না উল্লেখ করে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
খালেদ / পোস্টকার্ড ;