চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে (একেএস) সশস্ত্র ডাকাতি, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাছাড়া অন্য মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করে।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১টার দিকে শীতলপুর এলাকায় অবস্থিত কারখানার দক্ষিণ পাশ দিয়ে একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ডাকাতদল রেললাইন থেকে পাথর নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে রাত ১টার দিকে তারা কারখানার প্রধান ফটক ও অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে ভেতরে ঢুকে পড়ে।
হামলাকারীরা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে এবং নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। ডাকাতদের বাধা দিতে গিয়ে কারখানার ৫ জন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পরবর্তীতে কারখানা কর্মী ও গ্রামবাসীর ধাওয়ায় ডাকাতদল পালিয়ে যায়।
এই ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযানে নেমে এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ জামাল (৩৮), পিতা-গুরা মিয়া (শীতলপুর)
২. রমজান আলী ওরফে মান্না (২৮), পিতা-বোরহান উদ্দিন (শীতলপুর)
৩. মোঃ রনি (২০), পিতা-মোঃ রুহুল আমিন (শীতলপুর)
৪. মোঃ এছহাক (৪৮), পিতা-মৃত আবুল মনছুর (কাজলীপাড়া)
৫. আরশাদুর রহমান ওরফে মিজান (২০), পিতা-মফিজুর রহমান (ফুলতলা)
৬. মোঃ আলাউদ্দিন (৪৮), পিতা-নুর ইসলাম (শীতলপুর)
৭. মোঃ খোকন (৩০), পিতা-মৃত আবুল বশর (শীতলপুর)
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল জানান, মামলার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;



















