সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইয়াছমিন আক্তার (৩৬) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেশবপুর এলাকার সাবেক মেম্বার মো. জসিম উদ্দিনের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সকালে হঠাৎ জ্বর অনুভব হলে ওই গৃহবধূকে প্রথমে ভাটিয়ারীর বিএসবিআরএ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
বুধবার আসরের নামাজের পর জানাজা সম্পন্ন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।