চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক কিশোরের (১৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে চাঁদপুরগামী একটি ট্রেনের ছাদ থেকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই কিশোরের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএম কনটেইনার ডিপোর এক কর্মীসহ কয়েকজন চট্টগ্রামমুখী রেললাইনের পাশে বসে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রেনের ছাদ দিয়ে ওই কিশোরকে হাঁটাহাটি করতে দেখা যায়। হঠাৎ করেই সে ট্রেন থেকে নিচে ছিটকে পড়ে যায় এবং পাশের একটি পাকা খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে মাথায় মারাত্মক আঘাত পায়।
দুর্ঘটনার পর মারাত্মক রক্তক্ষরণ হতে দেখে স্থানীয় লোকজন দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;