চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের ছেলে মো. ইজাজুল হক (২৪) এবং ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকার সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে প্রায় ১১ জনের একটি দল একসঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা যায় এবং সে সময় ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ভাইরাল হওয়া সেই ভিডিওর সূত্র ধরে এবং তথ্য-প্রমাণ যাচাই করে পুলিশ এই দুই তরুণকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, আটককৃত যুবকদের নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ফেসবুকে জন্মদিন পালনের ভিডিও পোস্ট করার বিষয়টি প্রাথমিক সত্যতা যাচাইয়ের পরেই তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;