চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজন করা হচ্ছে ‘আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব’। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তিন দিনব্যাপী এই জমজমাট ক্রিকেট প্রতিযোগিতার পর্দা উঠবে এবং চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। স্থানীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এবারের আসরে মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো—আহনাব সামিন ফাউন্ডেশন, আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন, মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন, গাছুয়া ইউনাইটেড, হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন, দ্বীপ ভাইকিংস এবং আইল্যান্ড স্পোর্টিং ক্লাব। দলগুলোর মালিকানা ও প্রতিনিধিত্বে রয়েছেন যথাক্রমে আরিফুল হাসান ডালিম, ড. আবু জাফর মাহমুদ, জিয়াউর রহমান ভুঁইয়া লিংকন, মো. ইকবাল হায়দার, মোহাম্মদ জামশেদ আলম, ইঞ্জিনিয়ার ফজলে এলাহী মিঠু তালুকদার, মাসুম খান এবং যৌথভাবে শিমুল আবদুর ও আরমান জামান।
টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার রাতে এক জাঁকজমকপূর্ণ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্বচ্ছ লটারি প্রক্রিয়ার মাধ্যমে আটটি দলের অধিনায়ক ও খেলোয়াড় নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এবারের আসরে দলগুলোর নেতৃত্ব দেবেন শিমুল চৌধুরী, মোবারক হোসেন পয়েল, ইমতিয়াজ উদ্দীন পায়েল, সালাউদ্দীন কাদের, রানা মজুমদার, আই বি মিশাদ, পারভেজ সাদ্দাম ও দেলোয়ার হোসেন জিকু। লটারির মাধ্যমে অধিনায়কদের দল নির্ধারণের পাশাপাশি একই পদ্ধতিতে টুর্নামেন্টের বাকি খেলোয়াড়দেরও নিজ নিজ দলে অন্তর্ভুক্ত করা হয়।
মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমন, সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নাছির উদ্দীন শরীফ এবং চট্টগ্রামস্থ সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের প্রতিনিধি শওকত তালুকদার, গাছুয়া ইউনাইটেডের প্রতিনিধি মোহাম্মদ জামশেদ আলম এবং এক্স ক্রিকেটার্স অব সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের দুই অ্যাডমিন রিফাত চৌধুরী ও মো. তামজেদ হোসেন।
দ্বীপ অঞ্চলের তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই ক্রীড়া উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দৈনিক সমকাল ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ২৪। পুরো আয়োজনকে ঘিরে সন্দ্বীপের ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
খালেদ / পোস্টকার্ড ;