অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে উন্নয়নকর্মী হিসেবে কাজ করে আসা জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের পথচলা শেষে তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক ও শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই সুসংবাদটি ভাগ করে নেন তিনি।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন মিথিলা। এই নতুন দায়িত্বে তিনি নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন। উদ্যোগটি প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে। মিথিলা আশা প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক উন্নয়ন খাতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গবেষণার সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনের সমন্বয় ঘটাতে পারবেন এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।
গবেষণার পাশাপাশি শিক্ষকতা পেশাতেও যুক্ত হয়েছেন তিনি। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়ে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান শুরু করেছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা অলাভজনক সংস্থার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে।
নতুন এই পথচলায় দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেছেন মিথিলা। একই সঙ্গে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো এবং মেধাবী গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
খালেদ / পোস্টকার্ড ;