সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ডের স্থানীয় এল কে সিদ্দিকী স্কয়ার মিলনায়তনে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। দিনব্যাপী এই আয়োজনে সংগীত, নৃত্য, তবলা, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ মোট ২৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে সীতাকুণ্ডের বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক শিশু-কিশোর উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে ৯৬টি ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া সব প্রতিযোগীর হাতেই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকেল ৪টায় মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন , খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী , খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য কবি আশীষ সেন , সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী , সাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য
ইপসার ট্রেনিং অফিসার মো. শাহ সুলতান শামীম , র্যাব-৭-এর উপ-পরিচালক মো. কামাল হোসেন , ইবিএফ-এর প্রধান নির্বাহী মো. মাহফুজুর রহমান ,এসিএল লিংকের চেয়ারম্যান সুনন্দ ভট্টাচার্য সাগরসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়াও বক্তব্য দেন রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বিটু এবং বার্ষিক প্রতিযোগিতা উদযাপন পরিষদের চেয়ারম্যান অমর শীলসহ স্থানীয় সংগঠক ও সাংস্কৃতিক কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে সুস্থ সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী সাহিত্য, জীবনদর্শন ও মানবিক চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আলোচনা সভা শেষে মেঘমল্লার সাংস্কৃতিক একাডেমির সংগীত শিক্ষক সমীরণ ভট্টাচার্য ও নৃত্য শিক্ষক তংকা বণিকের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অর্ধেকেরও বেশি শিশু-কিশোর দৃষ্টিনন্দন সংগীত ও নৃত্য পরিবেশন করে। অভিভাবক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
মেঘমল্লার খেলাঘর আসরের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও শিশু-কিশোরদের মানবিক মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি চর্চায় এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;