আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ১৫ জন শিক্ষক ও কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় (আইআইইউএম) গমন করছেন। দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের অংশ হিসেবে এই উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘পিএইচডি ক্যান্ডিডেটস ফেয়ারওয়েল সেরিমনি’ শীর্ষক একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, সিআরপি পরিচালক ড. আজিজুল হক, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও পিএইচডি অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে। বর্তমানে আইআইইউসিতে প্রায় শতাধিক পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক রয়েছেন, যা প্রতিষ্ঠানের র্যাংকিং ও আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি পিএইচডিতে যাওয়া শিক্ষক ও কর্মকর্তাদের এই সুযোগের সদ্ব্যবহার করে সফলভাবে ডিগ্রি অর্জনের আহ্বান জানান।
উল্লেখ্য, আইআইইউসির নিজস্ব ব্যবস্থাপনা ও একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে এই পিএইচডি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের আওতায় পিএইচডি খরচের অর্ধেক বিশ্ববিদ্যালয় বহন করছে এবং বাকি অর্ধেক শিক্ষা ঋণ হিসেবে প্রদান করা হচ্ছে, যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় পদক্ষেপ।
খালেদ / পোস্টকার্ড ;