প্রশাসনিক রদবদল ও পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রামের চার গুরুত্বপূর্ণ উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সোমবার (২৮ সেপ্টেম্বর) জনস্বার্থে এ সংক্রান্ত আদেশ প্রদান করা হয়।
আদেশ অনুযায়ী প্রত্যাহার হওয়া চার কর্মকর্তা হলেন— বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এবং রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। প্রজ্ঞাপনের নির্দেশনামায় উল্লেখ করা হয়, রাউজানের এসিল্যান্ড অংছিং মারমাকে সহকারী কমিশনার হিসেবে এবং অবশিষ্ট তিন কর্মকর্তাকে পদোন্নতিমূলক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের উদ্দেশ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাৎক্ষণিকভাবে ন্যস্ত করা হয়েছে।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে অবিলম্বে তাঁদের বর্তমান পদ ত্যাগ করে নতুন কার্যালয়ে যোগদানের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি সরকারের একটি নিয়মিত ও জনস্বার্থমূলক সিদ্ধান্ত যা জারি হওয়ার সাথে সাথেই কার্যকর হিসেবে গণ্য হবে। কেবল চট্টগ্রামেই নয়, প্রশাসনিক এই বড় ধরনের পরিবর্তনের আওতায় সারাদেশের বিভিন্ন উপজেলায় কর্মরত মোট ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে প্রত্যাহার করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে পদায়িত করা হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই বিশেষ আদেশে প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দিষ্ট কর্মস্থল বা ভবিষ্যৎ পদায়নের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
খালেদ / পোস্টকার্ড ;