• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, অবিলম্বে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচনের দাবি চট্টগ্রামের তিন গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ক্যামেরায় গতি নিয়ন্ত্রণ নিষেধাজ্ঞা অমান্য করে সীতাকুণ্ডের মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি-হুইলার সীতাকুণ্ড বাজারে খাস জমিতে ১৮ দোকান, ইজারা না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেই নিরাপদ পারাপার, ঝুঁকিতে রোগীরা সীতাকুণ্ডে মহাসড়কে ছয় মাসে ৩৩ প্রাণহানি, দীর্ঘদিন ওসি শূন্য হাইওয়ে থানা মীরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার প্রথম হাফেজা সংবর্ধিত

চট্টগ্রামের তিন গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ক্যামেরায় গতি নিয়ন্ত্রণ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ সড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বেপরোয়া গতি ও এর ফলে ঘটা প্রাণঘাতী দুর্ঘটনা কমাতে প্রথমবারের মতো এসব সড়কে আধুনিক প্রযুক্তির স্পিড ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে পুলিশ।

প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু (কর্ণফুলী সেতু) সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে।

সিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এই উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) সিএমপিকে সাতটি অত্যাধুনিক লেজার স্পিড ক্যামেরা প্রদান করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর সড়কগুলোতে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে বেপরোয়াভাবে চলাচল করে, যা ভয়াবহ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। মূলত এই বেপরোয়া গতি কমিয়ে সড়ক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত প্রাণহানি উল্লেখযোগ্য হারে হ্রাস করার লক্ষ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্পিড ক্যামেরাগুলো দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে সিএমপির ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের জন্য একটি তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে পুলিশ সদস্যদের ‘এলটিআই ২০/২০ ট্রুক্যাম-২’ মডেলের অত্যাধুনিক ক্যামেরা পরিচালনা, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ, প্রাথমিক ত্রুটি শনাক্তকরণ এবং সড়কে এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে আয়োজিত এক অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এই আধুনিক স্পিড ক্যামেরা ব্যবহারের মাধ্যমে গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, প্রাপ্ত সাতটি স্পিড ক্যামেরা সিএমপির ট্রাফিক বিভাগের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এর মাধ্যমে সড়কের যেকোনো স্থানে যানবাহনের অতিরিক্ত গতি সহজে শনাক্ত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেক সহজ হবে। ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্কয়ার ও সড়কেও এই প্রযুক্তির বিস্তার ঘটানো হবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..