কক্সবাজার ও চট্টগ্রামের একাধিক কর্মসূচি শেষ করে রাজধানীর উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে বিভাগীয় বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেওয়া শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রোববার (৯ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বিশেষ বুলেটপ্রুফ বাসে চড়ে হোটেল রেডিসন ব্লু ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
বিদায়কালে হোটেল চত্বর ও এর আশপাশের রাস্তায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রচণ্ড ভিড় সামলে সফরসঙ্গীদের গাড়ি বহর নিয়ে বিমানবন্দরের পথে এগিয়ে যেতে নিরাপত্তা কর্মীদের বেশ বেগ পেতে হয়।
এর আগে দিনভর ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। তিনি সকালে কক্সবাজারের মহেশখালী পৌঁছান এবং পরবর্তীতে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেন।
সব আনুষ্ঠানিকতা শেষ করে রাত সোয়া ৮টার দিকে তিনি নগরীর রেডিসন ব্লুতে পৌঁছান। সেখানে হোটেল মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। উক্ত মতবিনিময় ও সাংগঠনিক সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৬০০ জন শীর্ষ পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
খালেদ / পোস্টকার্ড ;










