বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ ব্যাধি বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি নিরসনে সীতাকুণ্ডের বহরপুরে দিনব্যাপী এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ আগস্ট) উপজেলার বহরপুর এলাকায় সামাজিক দায়বদ্ধতা থেকে ‘মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা’ (MFSS)-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সম্পূর্ণ ফ্রি এই মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে সামাজিক সংগঠন ‘সুখী’ এবং ‘লিও ক্লাব অফ চিটাগং সীতাকুণ্ড’।
সংস্থার নির্বাহী পরিচালক জনাবা শামীমা নাসরীনের সভাপতিত্বে ও উপদেষ্টা জনাব মহিন উদ্দিনের উপস্থিতিতে সকালে এ সেবা কার্যক্রমের শুভ সূচনা হয়।
দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত সীতাকুণ্ডের বহরপুর ও এর আশপাশের প্রত্যন্ত এলাকা থেকে আসা শত শত বন্যার্ত ও অসচ্ছল মানুষ বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় সেবা এবং চিকিৎসা শেষে বিনামূল্যে ওষুধপত্র প্রদান করেন। বিশেষ করে বন্যা-পরবর্তী চর্মরোগ, ডায়রিয়া, জ্বর ও বয়স্ক এবং শিশুদের নানা শারীরিক জটিলতার বিষয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয়।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশুদ্ধ পানির অভাব ও নানা ধরনের সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ওষুধ পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক দুর্যোগের পর সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজকল্যাণমূলক ও মানবিক এ ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সীতাকুণ্ডের অন্যান্য দুর্গম ও অবহেলিত এলাকায় এরকম বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা।
খালেদ / পোস্টকার্ড ;










