
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও আজিমুশশান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় গাউসিয়া কমিটি ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার সকালে ইকরা ইসলামিক মডেল মাদ্রাসা সংলগ্ন মাঠে সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জিকির, দরুদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনাদর্শ, সুন্নাহ ও মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সীতাকুণ্ড উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাআতের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাআতের নির্বাহী চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাসেম নূরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দৌলা আল কাদেরী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে হাফেজ মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আল কাদেরী ও মাওলানা মুহাম্মদ গাউসুল ফারুক আল কাদেরীসহ স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামাগণ বক্তব্য দেন।
খালেদ / পোস্টকার্ড ;