
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রোববার (৩০ আগস্ট) দুপুরে পতেঙ্গায় এপিএম টার্মিনাল লালদিয়ার নির্মাণকাজে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যবসা ও বিনিয়োগবান্ধব সরকার: অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান নির্বাচিত সরকার একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব সরকার, যার উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক কর্মসূচি রয়েছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক কাঠামো ক্রমান্বয়ে শক্তিশালী করার চেষ্টা চলছে। ডেনমার্কের বিনিয়োগ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বের শীর্ষ বন্দর পরিচালনাকারী ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল লালদিয়ায় আধুনিক বন্দর নির্মাণে প্রাথমিকভাবে ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে এবং পর্যায়ক্রমে তা আরও বাড়বে। এপিএম মুলারের বাংলাদেশে এই আগমনকে একটি মাইলস্টোন হিসেবে অভিহিত করে তিনি জানান, এ ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া নিজের সংসদীয় আসনে এই টার্মিনাল হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন।
আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায়: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লালদিয়া এপিএম টার্মিনাল পিপিপি (পিপিপি) পদ্ধতিতে একটি বড় বিনিয়োগ, যার মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য আন্তর্জাতিক মানে উন্নীত হতে চলেছে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণশক্তি উল্লেখ করে তিনি জানান, বন্দরে বিনিয়োগে আগ্রহী আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধি: স্বাগত বক্তব্যে এপিএম টার্মিনালস লালদিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড জানান, টার্মিনালে অ্যাডভান্সড প্রযুক্তি ব্যবহার করা হবে। এখানে ৭টি শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৩২টি ইলেকট্রিক রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৪১টি ইলেকট্রিক টার্মিনাল ট্র্যাক্টর থাকবে, যা চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের মাত্রা আরও বৃদ্ধি করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান গেটওয়ে, যা দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি এবং ৯৮ শতাংশের বেশি কনটেইনার হ্যান্ডেল করে। অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ অংশীদারদের বাংলাদেশে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, এপিএম টার্মিনালসের বিভি’র গ্লোবাল হেড অব বিজনেস ইমপ্লেমেন্টেশন জেক ক্রেইগ এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এছাড়া চট্টগ্রাম স্থানীয় সাংসদ এরশাদ উল্ল্যাহ, শাহজাহান চৌধুরী, চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের প্রেসিডেন্ট আমিরুল হক, চট্টগ্রাম সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খালেদ / পোস্টকার্ড ;