
চট্টগ্রামের ঐতিহাসিক ও আধ্যাত্মিক সুবাস ছড়ানো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সকাল আটটায় শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের ৫৫তম আসর। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের জশনে জুলুসের রুট ও ট্রাফিক ব্যবস্থাপনায় এসেছে বড় ধরনের পরিবর্তন।

যে পথ ধরে এগোবে লাখো মানুষের কাফেলা আগের দুই বছর জুলুসের পরিধি কিছুটা সংকুচিত থাকলেও এবার তা টাইগারপাস পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, বুধবার সকাল আটটায় ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুসের সূচনা হবে। এরপর মিছিলটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া ও লালখান বাজার হয়ে টাইগারপাস মোড়ে গিয়ে পৌঁছাবে। অতপর সেখান থেকে একই পথে ঘুরে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে ফিরে শেষ হবে ঐতিহাসিক এই শোভাযাত্রা।
এবারও ঐতিহ্যবাহী এই জুলুসের নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ। রবিউল আউয়ালের এই দিনটিতে চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে লাখো মানুষের স্রোত নামবে নগরীর রাজপথে।
বন্ধ থাকবে ফ্লাইওভার, বিশেষ কড়াকড়ি সিএমপির জুলুস চলাকালীন নগরবাসীর চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নিরাপত্তার স্বার্থে আগামীকাল লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই সময়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাশাপাশি, সার্বিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারামতে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যেকোনো ধরনের মূর্তি বা কুশপুত্তলিকা প্রদর্শন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের ঢল সামলাতে এবং পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
খালেদ / পোস্টকার্ড ;