
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
তিনি বলেন, ‘একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত সমাজ গঠনের দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়। নাগরিক হিসেবেও সমাজের প্রতি আমাদের সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়।’
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলোয়ানপাড়া হাজি আলী আকবর সদাগর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাজী খাইরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলা উদ্দীন।
ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; পুলিশকে তথ্য দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, ‘পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পাড়ায় পাড়ায় সামাজিক কমিটি গঠন করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে খোঁজ নিতে হবে। প্রথমে সামাজিকভাবে তাদের সংশোধনের চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে পুলিশকে জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় তিনি এলাকায় মাদক বিক্রি, সেবন ও কারবারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
এর আগে মাদকবিরোধী একটি বিশাল র্যালি ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পলোয়ানপাড়া হাজি আলী আকবর সদাগর জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী এনামুল বারী, সাংবাদিক এম. জামশেদ আলম, সাংবাদিক এস. এম. ইকবাল হোসাইন, মো. দেলোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম ও মো. ইদ্রিস মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার ইসলাম দুলাল, আবু জাফর বুলবুল, দীন মোহাম্মদ তাইফুল, মহিউদ্দিন জনি, মহিউদ্দিন, গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খালেদ / পোস্টকার্ড ;