
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বাজারে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা সমাধানে বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
শুক্রবার সকাল ১০টায় ফৌজদারহাট বাজারের বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়। বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মোতালেব সওদাগর (প্রকাশ আব্দুল্লাহ) এবং সদস্য সচিব ডা. সামিউন আরাফাত সুমন কার্যক্রমে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সওদাগর (মনেরেখ, মুসা ক্লথ স্টোর), ফার্মাসিস্ট মোহাম্মদ এসএম সায়েম (আম্বিয়া মেডিকো), মোহাম্মদ দিদারুল আলম (দিদার হার্ডওয়্যার স্টোর), মোহাম্মদ খুরশিদ আলম (জাবেদ মিল্ক কর্নার)সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে পানি জমে ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে কাঁচাবাজার এলাকায় এ সমস্যা ছিল প্রকট।
বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ড্রেন পরিষ্কার করায় পানি নিষ্কাশনের পথ অনেকটাই উন্মুক্ত হয়েছে। ফলে বাজারের পরিবেশও আগের তুলনায় পরিচ্ছন্ন ও স্বাভাবিক থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ায় বাজার পরিচালনা কমিটির সভাপতি, সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা বলেন, শুধু একবার পরিষ্কার করলেই হবে না; বাজারের ড্রেন ও পরিচ্ছন্নতা নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে বাজারের পরিবেশ সুন্দর থাকবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনজনিত দুর্ভোগ অনেকটাই কমবে।
খালেদ / পোস্টকার্ড ;