
দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি ঘোষণা করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই পাবলিক পরীক্ষা।
রুটিনের আদ্যোপান্ত: প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলোর আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর পর্যায়ক্রমে ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এগুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ধারাবাহিক এই পরীক্ষাগুলোর শেষ ধাপ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ৯ সেপ্টেম্বর এগুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে লিখিত পর্বের সমাপ্তি ঘটবে। এছাড়া ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জ্যাম এড়াতে বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ আসনে বসার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর নিজ নিজ কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্ন সংগ্রহ করে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও কেন্দ্র জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘ এই বিরতির পর শিক্ষার্থীরা ফের পড়াশোনায় মনযোগ দিয়ে নতুন উদ্যমে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
খালেদ / পোস্টকার্ড