
চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে প্রবীণ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণী, A+ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা এবং হিফজ বিভাগের 'দস্তারে ফজিলত-২০২৬' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা ময়দানে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে এই বহুমাত্রিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবীণ সিনিয়র শিক্ষক জনাব সুলতান আহমদের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে তাঁকে ভাবগাম্ভীর্যের সাথে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়। একই সাথে মাদ্রাসার মেধা তালিকায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও ‘দস্তারে ফজিলত’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত আলেম অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবুল কালাম আমীরী।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;