
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে এর মধ্যে দুটি সড়ক সিডিএর সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নেওয়ার প্রস্তাবে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার নিরাপত্তা ও বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রস্তাবিত সড়কের স্থান পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে সম্ভাব্য সড়ক নির্মাণের স্থানগুলো ঘুরে দেখা হয় এবং মৌজা ম্যাপের ভিত্তিতে বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করা হয়।
সিডিএ সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। সেখান থেকে সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে স্থায়ী সড়ক নির্মাণ করা হলে আবাসিক এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় প্লট মালিকদের মতামতের ভিত্তিতে বিকল্প স্থানে সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, "জঙ্গল সলিমপুরের ওই সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের সুযোগ নেই। বিকল্প হিসেবে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। তবে স্থায়ী কোনো সড়ক আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণ করা সমীচীন হবে না।"
তিনি আরও জানান, প্লট মালিকদের মতামত বিবেচনায় নিয়ে সেনাবাহিনীকে বিকল্প রুট দেখিয়ে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিকল্প রুটের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে পরবর্তী সময়ে সেনাবাহিনী সিডিএকে অগ্রগতির বিষয়ে অবহিত করবে।
মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান সিলিমপুর আবাসিক এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের খাল-নালায় ময়লা-আবর্জনা না ফেলা, জলাবদ্ধতা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।
এ সময় তিনি আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকট নিরসনের আশ্বাস দিয়ে বলেন, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এলাকার নাগরিক সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভা ও পরিদর্শনে সিডিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;