
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিএইচপি ফ্যামিলির ইন-হাউস ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি ব্যস্ত কর্মজীবনের একঘেয়েমি কাটিয়ে বিনোদনের সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
চট্টগ্রামের ‘অক্সিজেন স্পোর্টস জোন’-এ আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় পিএইচপি ফ্যামিলির বিভিন্ন ইউনিটের খেলোয়াড়দের নিয়ে গঠিত ছয়টি দল অংশ নেয়।
অংশগ্রহণকারী দলগুলো হলো—এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স, পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস ও আইরন টাইটানস।
জমজমাট ফাইনালে পিএইচপি পরিচালক নুভেদ ইকবালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পেপার ফিনিক্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের মালিকানাধীন আইরন টাইটানস।
টুর্নামেন্টে আইরন টাইটানসের খেলোয়াড় মঈন সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেন। একই দলের ইরাম নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। অন্যদিকে, পিএইচপি পরিচালক তারজিয়া আনোয়ারের মালিকানাধীন এরাবিয়ান ওয়ারিয়র্স দল লাভ করে ফেয়ার প্লে ট্রফি।
খেলা শেষে সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা ও পিএইচপি ফ্যামিলির পরিচালক ভিক্টর মিজান মহসিন, নুভেদ মিজান ইকবাল, তারজিয়া আনোয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান এবং পরিচালক তাহমিনা মিজান। উদ্বোধনী বক্তব্যে সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলা, মনোবল ও সহমর্মিতার শিক্ষা দেয়। জীবনে যেমন জয়-পরাজয় রয়েছে, খেলাধুলাও সেই বাস্তবতাকে গ্রহণ করতে শেখায়। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও নির্মল আনন্দের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।"
পিএইচপি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ‘অক্সিজেন স্পোর্টস জোন’ এদিন পিএইচপি ফ্যামিলির পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কর্মীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে নিয়মিত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ছবির ক্যাপশন: ‘অক্সিজেন স্পোর্টস জোন’-এ আয়োজিত পিএইচপি ফ্যামিলির ইন-হাউস ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন ইউনিটের খেলোয়াড়রা।
খালেদ / পোস্টকার্ড ;