
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলায় চালু হয়েছে “ট্রমালিংক” নামক একটি মানবিক উদ্যোগ। রহিম ফ্যামিলি ফাউন্ডেশনের অংশীদারিত্বে উপজেলার ফকিরহাট থেকে বার আউলিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় এই জরুরি পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। গত সোমবার বিকালে কুমিরা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সড়ক দুর্ঘটনায় আহত কাউকে হাসপাতালে নেওয়ার পূর্ববর্তী সময়ে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা প্রদান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মূলত সীতাকুণ্ডের ৪৫ কিলোমিটার সড়ক পথকে তিনটি ভাগে ভাগ করে ট্রমালিংক তাদের কার্যক্রম পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসার ওপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মোট ৬৩ জন স্বেচ্ছাসেবককে আনুষ্ঠানিক অন্তর্ভুক্ত করা হয়। এ সময় তাদের প্রত্যেকের হাতে পেশাগত দায়িত্ব পালনের জন্য ভেস্ট, আইডি কার্ড, সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ফার্স্ট এইড বক্স তুলে দেওয়া হয়।
ট্রমালিংকের এরিয়া কো-অর্ডিনেটর জুবায়ের মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আবুল কাসেম, উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, শিক্ষানুরাগী ও সাবেক ব্যাংকার মোঃ খোরশেদ আলম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন, কুমিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ আহসান হাবিব, বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই মোঃ কাইয়ুম, ট্রমালিংকের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে সড়ক দুর্ঘটনায় আহতদের মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।
খালেদ / পোস্টকার্ড ;