
টানা বর্ষণ, জোয়ারের পানি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার উপকূলীয় অঞ্চলের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের কষ্ট লাঘবে দিনব্যাপী রান্না করা খাবার বিতরণ করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
শনিবার (১২ জুলাই) সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন এবং মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি জমে থাকায় অনেক বাড়িতেই চুলা জ্বালানোর পরিবেশ নেই, ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। বিশেষ করে শিশু, বয়স্ক ও নিম্নআয়ের দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এই সংকটময় মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের সদস্যরা নিজস্ব উদ্যোগে খাবার প্রস্তুত করে তা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।
স্থানীয় যানবাহন ও নৌকায় করে স্বেচ্ছাসেবকরা দুর্গম এলাকায় পৌঁছে নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সহায়তা প্রদান করেন। প্রতিকূল পরিবেশ এবং কোমরসমান পানি ভেঙেও স্বেচ্ছাসেবকদের নিরলসভাবে কাজ করতে দেখা গেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। শুধু বন্যা নয়, বছরজুড়েই তারা রক্তদান, বৃক্ষরোপণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসায় সহায়তা এবং অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণের মতো বিভিন্ন মানবিক কাজ করে আসছে।
নেতৃবৃন্দ আরও জানান, বারৈয়াঢালা ও হাইতকান্দি ইউনিয়নের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালানো হবে। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিতদের মাঝেও সহায়তার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রম আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
রান্না করা খাবার পেয়ে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। দুর্যোগের দিনে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সংগঠনটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;