
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় এক বসতঘরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা আলমিরা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ায় তাহেরা বেগম নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ইসরাত সুলতানা জানান, মাগরিবের নামাজের সময় তিনি ও তাঁর মা তাহেরা বেগম ঘরের দরজা খুলে নামাজ আদায় করছিলেন। এ সময় ৭–৮ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে তাঁদের চোখ-মুখ কাপড় দিয়ে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমিরার চাবি চাইলে দিতে দেরি হওয়ায় তাহেরা বেগমকে ছুরিকাঘাত করা হয়। এরপর ডাকাতরা আলমিরা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ঘরের বিভিন্ন আলমিরা ও আসবাবপত্র তছনছ করে।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আহত তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ৭–৮ জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
খালেদ / পোস্টকার্ড;