
সীতাকুণ্ডের বারাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের সামনে চলাচলের রাস্তায় টিনের বেড়া দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে চাঁদা দাবির অভিযোগে রমজান আলী (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার নগরীর আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রমজান স্থানীয় মৃত ফজলের রহমানের পুত্র।
অভিযোগ রয়েছে, রমজান সীতাকুণ্ড মডেল থানাধীন শীতলপুর চৌধুরী ঘাটা মাদ্রাসা রোড এলাকার সাগরিকা ও বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রধান ফটকের সামনের রাস্তায় টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। এর ফলে মালামাল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এছাড়া বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে শিপইয়ার্ডে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করেন তিনি। এ ঘটনায় সাগরিকা শিপইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা রায়হান উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় রমজান আলী ও আরাফাতসহ নাম উল্লেখ করে দুজন এবং অজ্ঞাত আরও আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পাশাপাশি শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদিরের নজরে আনেন ব্যবসায়ীরা। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম রমজানকে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ গোয়েন্দা দল গঠন করেন। গ্রেপ্তার হওয়ার পর বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক শামসুল আলম স্বস্তি প্রকাশ করে জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “শিপইয়ার্ড এলাকায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না।” তিনি আরও জানান, মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;