
পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি সুদৃঢ়করণ এবং অনাবিল আনন্দ উপভোগের লক্ষ্যে সীতাকুণ্ডের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (বিসিপিএসসি) শিক্ষকদের এক বর্ণাঢ্য ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই আনন্দঘন ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে গঠিত ‘টিম প্রিন্সিপাল’ ও ‘টিম ভাইস প্রিন্সিপাল’ পরস্পর মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দলের একের পর এক আক্রমণ ও প্রতিআক্রমণে দর্শকসারিতে টানটান উত্তেজনা বিরাজ করে। শিক্ষকদের সমঝোতাপূর্ণ আদান-প্রদান, দৃষ্টিনন্দন ভলি, ব্যাক-ভলি ও দলগত সমন্বয়ের চমৎকার নৈপুণ্য মাঠে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মুগ্ধ করে। পুরো ক্যাম্পাস জুড়েই এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর এই ম্যাচে রাসেল স্যার ও সোলতানুল কবির স্যারের দুর্দান্ত দুটি গোলে ‘টিম ভাইস প্রিন্সিপাল’কে ২–০ গোলের ব্যবধানে পরাস্ত করে জয় ছিনিয়ে নেয় ‘টিম প্রিন্সিপাল’।

ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন শিক্ষার্থী তাকবীর। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিসিপিএসসির ক্রীড়া শিক্ষক জনাব তুষার কুমার দে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত একটি স্বেচ্ছাসেবক দল মাঠের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেলা শেষে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ফয়জুন্নেসা ম্যাডাম বিজয়ী এবং বিজিত উভয় দলের হাতে ট্রফি তুলে দেন। ট্রফি বিতরণকালে তাঁকে সহযোগিতা করেন স্কুল প্রিফেক্ট নাজিফা বিনতে নাজিম ও কো-স্কুল প্রিফেক্ট মালিহা বিনতে আশিক। সবশেষে উভয় দলের খেলোয়াড়দের নিয়ে এক যৌথ ফটোসেশনের মধ্য দিয়ে ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
খালেদ / পোস্টকার্ড ;