
মিলন কান্তি দে।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় ২০২৬-২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও অনুমোদিত হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও ফাইন্যান্স কমিটির সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ট্রান্সলেশনাল (প্রয়োগমুখী) গবেষণা সম্প্রসারণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাংকিংয়ে উচ্চ অবস্থানে নিয়ে যেতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেট সদস্যদের গঠনমূলক মতামত ও সুপারিশ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, মোহাম্মদ আলী, এম. সিরাজ উদ্দিন মিয়া এবং সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনলাইনে অংশ নেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
এ ছাড়া ফাইন্যান্স কমিটির সদস্যবৃন্দ, হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষা-গবেষণা, প্রশাসনিক কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সময়োপযোগী বাজেট প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
খালেদ /পোস্টকার্ড ;