
সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও তার পরিচালিত প্রতিষ্ঠান ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দৌজা। শনিবার (২০ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা বলেন, তিনি গত প্রায় ২৭ বছর ধরে সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ভবনের নকশা প্রণয়ন এবং অনুমোদনসংক্রান্ত কাজ করে আসছেন। পাশাপাশি তিনি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ ও প্রচার করছে। অথচ এসব প্রতিবেদনে কোনো নির্দিষ্ট ভবনের নকশা, তারিখ কিংবা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালের ভবন ও ইমারত নির্মাণ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করেই তার প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। চারতলা পর্যন্ত ভবনের নকশা ও অনুমোদনসংক্রান্ত কাজ তিনি নিজ দায়িত্বে সম্পন্ন করেন এবং এর অধিক উচ্চতার ভবনের ক্ষেত্রে অভিজ্ঞ ও অনুমোদিত প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সকল অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এমনকি একটি নকশায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই অভিযোগটি অসত্য বলে জানিয়েছেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র এখনও সংরক্ষিত রয়েছে।
ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা বলেন, “যদি আমি কখনও জাল স্বাক্ষর বা অনিয়মের মাধ্যমে কাজ করতাম, তাহলে আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে আমার প্রতিষ্ঠান বহু আগেই অস্তিত্ব হারাতো। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে আমার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে ইনশাআল্লাহ।”
এ সময় তিনি তার দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে সমাজসেবায় অবদান রেখে আসছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা জানান, ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডসহ বৃহত্তর চট্টগ্রামে স্থাপত্যসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা তার ব্যক্তি ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সীতাকুণ্ডে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতিও আহ্বান জানান।
খালেদ / পোস্টকার্ড ;