
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকার হাজীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিবসহ আরও চারজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার পন্থিছিলা স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাসুম ও আলাউদ্দিন গ্রুপের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয়পক্ষ একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে আলাউদ্দিন অনুসারীরা মিছিল নিয়ে ফকিরপাড়া এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আলাউদ্দিন গ্রুপের পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাসুম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। অপরদিকে আলাউদ্দিন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। উভয়েই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মাসুম ফকিরপাড়ার এবং আলাউদ্দিন হাজীপাড়ার বাসিন্দা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষ থানায় এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;