
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে নারী যাত্রীদের ভিড়ের মধ্যে যৌন হয়রানির অভিযোগে মো. শাহজাহান আলী (৫৮) নামের এক শুল্কপ্রহরীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (১৬ জুন) বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
কুমিরা-গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া নৌপথে যাতায়াতের সময় নারী যাত্রীদের হেনস্তা করার একটি ভিডিও গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শুল্কপ্রহরী শাহজাহান আলী জাহাজে ওঠার সময় ভিড়ের সুযোগ নিয়ে এক নারী যাত্রীকে যৌন হয়রানি করছেন। ভিডিওটি গত রোববার ভাইরাল হলেও ঘটনাটি ঘটেছিল গত ১ জুন।
বিআইডব্লিউটিএর বরখাস্তের চিঠিতে জানানো হয়, অভিযুক্ত শুল্কপ্রহরীর বিরুদ্ধে নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও অসদাচরণের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে, যা কর্তৃপক্ষের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
স্থানীয় যাত্রীরা জানান , শুল্কপ্রহরীর নির্দিষ্ট কাউন্টারে থাকার নিয়ম থাকলেও তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের ভিড়ের মধ্যে ঢুকে যেতেন। তিনি দীর্ঘদিন ধরেই নারীদের এভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ভিডিওটি প্রকাশের পর অনেকে সাহস পেয়ে অভিযোগ করেন।
সংস্থার উপপরিচালক নয়নশীল জানান, অভিযুক্ত ব্যক্তি সন্দ্বীপ ও বাঁশবাড়িয়া ঘাটে ভাগাভাগি করে ডিউটি করতেন। যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
খালেদ / পোস্টকার্ড ;