
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ, তীব্র যানজট নিরসন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড মডেল থানা প্রশাসন ও পৌর সদর দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে গত বুধবার সকাল সাড়ে ১১টায় পৌর সদরের সিকিউরিটি মার্কেট প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম। তিনি ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। একই সাথে বাজারে কোনো ধরনের অরাজকতা ও মাদক সংশ্লিষ্টতা যেন না থাকে, সে বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের সাবেক আমির ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাওহিদুল হক চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, পৌর শ্রমিক দলের সেক্রেটারি মো. আলাউদ্দিন খান, সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, ছাত্রদল নেতা ইসমাইল সিরাজী এবং সিএনজি চালক সমিতির সভাপতি বাদশা মিয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঈদকে সামনে রেখে সীতাকুণ্ড পৌর সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা প্রকট আকার ধারণ করে। এই যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারে শুধু প্রশাসন নয়, ব্যবসায়ী ও চালকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সীতাকুণ্ডকে একটি সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় ঈদ বাজারে পকেটমার ও মলম পার্টির দৌরাত্ম্য রোধ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সিএনজি ও অন্যান্য গণপরিবহন সুনির্দিষ্ট নিয়মে চালানোর ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;