
গ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১ মাস ২০ দিন পর মো. সিয়াম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৯ মে) উপজেলার মাদামবিবিরহাট এলাকার একটি হোটেল থেকে তাকে কাজ করা অবস্থায় উদ্ধার করা হয়।
সিয়াম সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ইউনিয়নের হাসেমনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১ মাস ২০ দিন আগে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয় এসএসসি পরীক্ষার্থী সিয়াম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে সীতাকুণ্ড থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিখোঁজ সিয়াম মাদামবিবিরহাট এলাকার একটি হোটেলে কাজ করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে সে কী কারণে বাড়ি থেকে চলে গিয়েছিল বা হোটেলে কাজ শুরু করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর ইসলাম সিয়ামকে তার বাবা-মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
দীর্ঘদিন পর নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিয়ামের মা-বাবা। তারা সীতাকুণ্ড থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সীতাকুণ্ড থানার ওসি মাহিনুর ইসলাম জানান, জিডির সূত্র ধরে পুলিশি তৎপরতায় ছেলেটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;