
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে দাদার সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াসিন আরাফাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদামবিবির হাট এলাকার কনফিডেন্স সিমেন্ট কারখানা সংলগ্ন একটি পুকুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত স্থানীয় বাসিন্দা মো. সেকান্দর হোসেনের ছেলে। সে ইমাম হোসেন সুন্নীয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের জানান, সকালে দাদার সঙ্গে গোসল করতে পুকুরে যায় ইয়াসিন। এক পর্যায়ে তাকে ঘাটে রেখে দাদা পুকুরে নামেন। এ সময় অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায় এবং ডুবে যায়।
কিছুক্ষণ পর ঘাটে নাতিকে দেখতে না পেয়ে দাদা মনে করেন, সে হয়তো বাড়িতে চলে গেছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে প্রায় এক ঘণ্টা পর পুকুরের পানিতে ভেসে ওঠে শিশুটির মরদেহ।
নিহতের বাবা মো. সেকান্দর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে।পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
খালেদ / পোস্টকার্ড ;