
চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সীতাকুণ্ড প্রেসক্লাব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিবসের প্রথম প্রহরে সকাল ৮টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা ১৯৫২-এর মহান আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ ব্যক্ত করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ কমল কদর বলেন,"২১শে ফেব্রুয়ারি কেবল একটি দিন নয়, এটি আমাদের আত্মপরিচয় ও সাহসের প্রতীক। ৫২-এর সেই মহান আত্মত্যাগই পরবর্তীতে আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। আজ আমাদের দায়িত্ব হলো সেই ভাষাকে সর্বস্তরে সঠিকভাবে লালন করা এবং নতুন প্রজন্মের মাঝে এর গৌরবগাথা ছড়িয়ে দেওয়া।"
আলোচনা সভায় প্রধান বক্তা চট্টগ্রাম জেলা ভোক্তা পরিষদের সভাপতি মাওলানা তাওহিদুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, "মাতৃভাষা আল্লাহর এক বিশেষ নেয়ামত। ভাষার মর্যাদা রক্ষায় বাঙালি যে ইতিহাস সৃষ্টি করেছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। আমাদের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করতে হলে ভাষার বিকৃতি রোধ করতে হবে।"
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আবুল হোসেন, মিডিয়া সম্পাদক, উপজেলা জামায়াত, মুহাম্মদ মিজবাহুল আলম রাসেল, সভাপতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুহাম্মদ আশরাফ উদ্দিন, সভাপতি, উপজেলা ছাত্রশিবির, তানভিরুল ইসলাম, অফিস সম্পাদক, জেলা ছাত্রশিবির।
সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত ও এম সেকান্দর হোসাইন।
এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সম্পাদক নাসির উদ্দিন অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, দপ্তর সম্পাদক আবুল খায়ের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী। এছাড়াও সাংবাদিক দিদার হোসেন, টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেলসহ সীতাকুণ্ডের কর্মরত সংবাদকর্মীরা ।
বক্তারা সমাপনী বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে গিয়ে আমরা যেন নিজস্ব ভাষার শেকড় ভুলে না যাই। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য দেশের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদেরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
খালেদ / পোস্টকার্ড ;