
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৪ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই উত্তাপের মধ্যেই বুধবার ছুটির দিনজুড়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। সকাল থেকে বিকাল পর্যন্ত ধারাবাহিক গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি স্বাধীনতার চেতনা, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।
দিনের শুরুতে সকাল ৯টায় সীতাকুণ্ড উপজেলার জেলে সর্দারদের সঙ্গে মতবিনিময় করেন আসলাম চৌধুরী। এরপর সাড়ে ১১টায় তিনি মুরাদপুরের রহমত নগর এলাকায় গিয়ে সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এলকে সিদ্দিকীর কবর জিয়ারত করেন। সেখানে বিকাল ৩টা পর্যন্ত স্থানীয় মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
বিকাল সাড়ে ৪টায় ছলিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আসলাম চৌধুরী। ছলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব খ ম নাজিমের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, “১৯৭১ সালে যারা পাকিস্তানি বাহিনীর পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা লাল-সবুজের পতাকা মানতে চায়নি, বাংলা ভাষার স্বীকৃতি দেয়নি—তারা আজও নানাভাবে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, “এই স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ ও জাতি নিজেদেরকে নিরাপদ মনে করে না। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে সেই ষড়যন্ত্রের জবাব দেবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মোরছালিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এস এম লোকমান হাকিম, মাহবুব এ খোদা মোর্শেদ, আলহাজ মো. জাহাঙ্গীর, আবুল হাশেম, রোকন উদ্দিন মেম্বার, মো. মহিউদ্দিন, জাহিদুল হাসান, আবুল কালাম চৌধুরী, সাহাবুদ্দিন, মাসুদ, আনসার, সায়েম, আশরাফ আলী, নাছিরুল আলম, আবু নঈম, আবু জাফর মেম্বার, সোহেল, সেলিম আকবর, সালাউদ্দিন, আলী আকবর, নাজিম উদ্দিন, রায়হান, নুরুল আজম, জসিম উদ্দিন, আক্তার হোসেন, মো. আনোয়ার, মঞ্জুর হোসেন, মাহমুদুল হাসান বাদল, মূছা ইকরাম, খালেকুজ্জামান রাশেদ, মামুন ইদ্রিছ, সেলিম মাহমুদ, সায়েম সরোয়ার, ফরহাদ হোসেন, নিয়াজ মোর্শেদ জীবন, দিদারুল আলম অপু প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আসলাম চৌধুরীর বক্তব্যকে স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান হিসেবে দেখছেন। নির্বাচনের মাঠে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রচারণা যে আরও গতি পাচ্ছে, এ কর্মসূচি তারই ইঙ্গিত দিচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;