
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ড ডিগ্রি কলেজে আয়োজিত এ সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও ভোটগ্রহণকারী কর্মকর্তারাই নির্বাচনের মূল ভরকেন্দ্র। তাঁদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষ আচরণের ওপরই একটি নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য হবে, তা নির্ভর করে। তাই কোনো ধরনের চাপ, প্রভাব বা প্রলোভনের কাছে নতি স্বীকার করা যাবে না।
সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম–৪ আসনের রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশকে কিছু দেওয়ার সুযোগ সবার জীবনে আসে না। এই সুযোগ কাজে লাগিয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই হবে আমাদের দায়িত্ব।
সভায় গণভোট সংক্রান্ত বিষয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের স্পষ্ট ধারণা থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে গণভোট বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জনের নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলায় প্রায় দুই হাজার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;