
কিয়ামতের দিন হাশরের মাঠে সব মানুষ আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের প্রত্যাশী হবে। ভয়ংকর সেদিন তিন ব্যক্তির ওপর আল্লাহ নারাজ থাকবেন। হাদিসে তাদের পরিচয় বলা হয়েছে। আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তি এমন রয়েছে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। রাসুল (সা.) তিনবার এটি বললেন। আবু জর (রা.) বললেন, তা হলে তো এসব ব্যক্তি অকৃতকার্য হলো এবং ক্ষতির মধ্যে পড়ে গেল। ইয়া রাসুলাল্লাহ, এসব ব্যক্তি কারা? তখন নবীজি বললেন—
১. যারা নিজেদের লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে রাখে।
২. যারা অনুগ্রহ করে খোঁটা দেয়।
৩. মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৯৩)
টাখনুর নিচে কাপড় পরিধানকারী
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহান আল্লাহ কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ...তারা হলো—যেসব পুরুষ পায়ের গিরার নিচে (পায়ের উঁচু হাড়) কাপড় পরিধান করে, মিথ্যা শপথ করে পণ্য চালিয়ে দেয় এবং দান করে খোঁটা দেয়। (সুনানে নাসায়ি, হাদিস : ২৫৬৩)
অনুগ্রহ করে খোঁটা দেওয়া
আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে। কষ্ট দিয়ে নিজেদের দান-বদান্যতা বরবাদ করো না সে ব্যক্তির মতো, যে নিজের ধন-সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে। আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৪)
মিথ্যা কথা বলে পণ্য বিক্রি হারাম
যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে তার দিকে আল্লাহ তাকাবেন না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর প্রতিশ্রুতি ও নিজের শপথ স্বল্প মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) চেয়ে দেখবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৭৭)
খালেদ / পোস্টকার্ড ;