
চট্টগ্রাম নগরের খুলশীতে ৬৩ জন বিদেশি নাগরিককে একটি আটতলা ভবনে থাকার ব্যবস্থা করে দেওয়া এবং তাঁদের সাইবার অপরাধচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগে মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সম্প্রতি ওই ৬৩ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, চক্রটিকে নগরের খুলশী এলাকায় একটি পুরো আটতলা ভবন ভাড়া করে দেওয়াসহ তাঁদের সার্বিক অবস্থান ও কর্মকাণ্ডে সরাসরি সহায়তা করছিলেন মহসিন।
এই জালিয়াতি চক্রের সূত্রপাত হয় কোকেনের একটি চালানের সূত্র ধরে। পুলিশ জানায়, কিছুদিন আগে মহসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার এক ব্যক্তির কাছে ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন। চালানটি প্রাপকের কাছ থেকে ফেরত এলে পুলিশের সন্দেহ হয় এবং তদন্ত শুরু হয়। কোকেনের ওই চালানের সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়েই ৬৩ জন বিদেশি নাগরিকের বিশাল নেটওয়ার্ক এবং তাঁদের সঙ্গে মহসিনের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ পায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কোকেনের মামলায় গত শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে মহসিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, "৬৩ বিদেশির বিরুদ্ধে চলা সাইবার সুরক্ষা আইনের মামলাতেও মহসিনকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করা হবে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বিদেশি নাগরিকরা দেশে একটি বড় সাইবার জালিয়াতির নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যেখানে দেশীয় একটি চক্র তাঁদের আশ্রয় ও ইন্ধন দিয়ে আসছিল। রিমান্ডে আনা গেলে এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও নেপথ্যে থাকা অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।"
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com