
মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশাল অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। রোববার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত ভাটিয়ারী থেকে সলিমপুরঘাটসংলগ্ন গভীর সাগরে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৭ টন ইলিশ মাছ, তিনটি মাছ ধরার নৌকা ও একটি লাল বোট আটক করা হয়েছে। এ সময় অবৈধ মাছ শিকারের দায়ে সংশ্লিষ্ট নৌকা ও বোটের মালিকদের মোট ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিবছর আশ্বিনের পূর্ণিমাকে ঘিরে মা ইলিশ সাগর থেকে মিঠাপানিতে ডিম ছাড়তে আসে। এ সময় ইলিশের প্রজনন নিশ্চিতে ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকার নির্ধারিত সময়জুড়ে সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং ডিম ছাড়ার এই বিশেষ সময়ে মা ইলিশ রক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ একটি মা ইলিশ রক্ষা পেলে লক্ষ লক্ষ পোনা তৈরি হয় যা ভবিষ্যতে দেশের মৎস্য উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেয়। সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ ও আইন অমান্য করে একশ্রেণির অসাধু জেলে সাগরে অবৈধভাবে মাছ শিকারে লিপ্ত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৯ লাখ টাকা। অভিযানে ইলিশের পাশাপাশি প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ৭ টন ইলিশ সীতাকুণ্ড ও মীরসরাইয়ের বিভিন্ন এতিমখানা, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং স্থানীয় দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য দপ্তর থেকে জানানো হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com