
চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি সড়কের জায়গা দখল করে দিনদুপুরে ঘরবাড়ি ও দেয়াল নির্মাণের এক গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ ৬ নম্বর ওয়ার্ডের (বাহারিয়ার পাড়া) জামে মসজিদ সংলগ্ন সাহেবানি সড়কে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ দখলদারত্ব চললেও একাধিক লিখিত অভিযোগের পরও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসনের এমন নীরবতায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চরম হতাশার সৃষ্টি হয়েছে।
অভিযোগের তির স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী জানে আলম বাবুলের দিকে, যিনি ওই এলাকার মৃত এরশাদ উল্যা সেরাংয়ের ছেলে। সড়কের জায়গা দখলমুক্ত করতে স্থানীয় যুবক মো. ইব্রাহিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নকশা (সিট) অনুযায়ী সড়কটির নির্ধারিত প্রস্থ ২৪ ফুট হওয়ার কথা থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারের সময় সঠিক পরিমাপ না করায় এই জটিলতার তৈরি হয়েছে। প্রকৃত নকশা অনুযায়ী রাস্তা পরিমাপ না করে উত্তর পাশের জমির মালিকদের অংশের উপর নির্মাণ করা হয়েছে, যার ফলে বাহারিয়ার পাড়া জামে মসজিদ এলাকা থেকে জলদাশ পাড়া পর্যন্ত সড়কটির দক্ষিণ দিকে ১০-১২ ফুট দখল করে এক প্রকার প্রতিযোগিতা করেই স্থায়ী বাড়ি ও দেয়াল নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি ডিজিটাল সার্ভের মাধ্যমে সড়কটি পুনরায় পরিমাপ করলেই আসল সীমানা সহজে চিহ্নিত করা সম্ভব। তবে প্রভাবশালী ব্যক্তি ও তাদের রাজনৈতিক চাপের মুখে পড়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে বা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ইতোপূর্বে এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের মধ্যে একাধিক মামলা-মোকদ্দমা ও সামাজিক বিরোধের সৃষ্টি হয়েছে। বারবার লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জানে আলম বাবুল দাবি করেন, "আমি আমার কেনা জায়গার ওপরই বাড়ি ও দেয়াল নির্মাণ করছি। সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে এসে আমার জায়গা পরিমাপ করে দিয়েছেন, আমি কারও জায়গা দখল করিনি।"
তবে এ বক্তব্য অস্বীকার করে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, এই সড়ক দখল বা পরিমাপের বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে উপজেলা প্রকৌশলী মো. আলমগীর বাদশা নিজের দায় এড়িয়ে বলেন, "সরকারি সড়ক দখল উচ্ছেদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এমনকি আমার কাছে সড়কের কোনো সঠিক ম্যাপ বা নকশাও নেই। এটি উদ্ধারের দায়িত্ব স্থানীয় এলাকাবাসীর।" প্রশাসনের এমন দায়সারা ও দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগকারী ইব্রাহিম জানান, সরকারি সড়ক দখল করা সম্পূর্ণ বেআইনি হলেও ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com